ভারতের মুম্বাইয়ে লাউড স্পিকারে আজান দেয়া নিষিদ্ধ করেছে প্রশাসন। মুম্বাই পুলিশ কমিশনার দেবন ভারতি জানিয়েছেন, শহরের সমস্ত ধর্মীয় স্থানে থাকা লাউড স্পিকার সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে মুম্বাই এখন ‘লাউড স্পিকার-মুক্ত’ একটি শহর।
বুধবার (২ জুলাই) ভারতীয় মিডিয়ার সূত্রে ডেইলি জংগের একটি প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
মুম্বাই পুলিশ কমিশনার আরো বলেছেন, শহর থেকে প্রায় দেড় হাজারটি লাউড স্পিকার হাটানো হয়েছে এবং পুলিশ নিশ্চিত করবে যে ভবিষ্যতে ফের এসব জায়গায় স্পিকার স্থাপন করা হবে না।
দেবন ভারতি জানান, তবে ধর্মীয় উৎসবগুলোর সময় লাউড স্পিকারের ব্যবহারে অস্থায়ীভাবে অনুমোদন থাকবে।
এটি একটি গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপ, যা চলতি বছরের জানুয়ারিতে মুম্বাই হাই কোর্টের নির্দেশনার ভিত্তিতে গৃহীত হলো।
মুম্বাই হাই কোর্ট জানিয়েছিল যে, লাউড স্পিকার ব্যবহারকে কোনো ধর্মই আবশ্যক মনে করে না।
দুইটি হাউজিং অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই হুকুম জারি করে।
হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর অভিযোগ ছিল, মসজিদগুলোতে আজান দেয়াসহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত লাউড স্পিকার ব্যবহারের ফলে শব্দ দূষণ হচ্ছে।



