ভারতের কর্ণাটকে আবারো শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের কংগ্রেস সরকার ২০২২ সালে আগের বিজেপি সরকারের জারি করা নির্দেশ বাতিল করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হিজাব, পাগড়ি, শিব মালা ও রুদ্রাক্ষ পরার অনুমতি দিয়েছে।
নতুন সরকারি নির্দেশে বলা হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত ইউনিফর্মের সাথে ‘সীমিত ধর্মীয় বা সম্প্রদায়ভিত্তিক প্রতীক’ পরা যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হবে।
সরকারি নির্দেশে আরো বলা হয়েছে, এই ধরনের ধর্মীয় বা ঐতিহ্যগত প্রতীক ইউনিফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং ইউনিফর্মের মূল উদ্দেশ্য বা ভাবমূর্তিকে কোনোভাবেই দুর্বল করা যাবে না। একইসাথে শৃঙ্খলা, নিরাপত্তা বা শিক্ষার্থীর পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও যেন কোনো বাধা তৈরি না হয়, সেটাও স্পষ্ট করে দেয়া হয়েছে।
পরীক্ষার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী মধু বঙ্গারাপ্পা সাংবাদিকদের বলেন, অনেক ঘটনা ঘটেছে। ২৪ এপ্রিল এক শিক্ষার্থীকে পৈতে খুলতে বলা হয়েছিল। এই ধরনের বিষয় আমাদের সন্তানদের শিক্ষার পথে বাধা হওয়া উচিত নয়। আমার মনে হয়, এই সিদ্ধান্ত আরো আগেই নেয়া উচিত ছিল।



