পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে শুক্রবারের নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন।
ডিপিএ নিউজ অ্যাজেন্সির মতে, উদ্ধার কর্মকর্তা মোহাম্মদ আমির জানিয়েছেন, আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেছেন যে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
এর আগে, গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচারিক কমপ্লেক্সের প্রবেশপথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হন এবং আহত কয়েক ডজন মানুষ।
সূত্র: আল জাজিরা



