মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে আন্তর্জাতিক জ্বালানি খাতে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। এরমধ্যেই ইরাকের একটি বড় তেলক্ষেত্রের কাছে দু’টি ড্রোন বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
দেশটির তেল মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, ইরাকের দক্ষিণাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে।
এক কর্মকর্তা বলেন, ড্রোন দু’টি মাজনুন তেলক্ষেত্রের কাছের যোগাযোগ টাওয়ারে আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
হামলার ঘটনার আগে থেকেই তেলক্ষেত্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।
ইরাকের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেব বাজুন বলেন, এই তেলের স্থাপনাটিকে লক্ষ্য করে এটাই প্রথম হামলা। বিধ্বস্ত হওয়ার পর একটি ড্রোন বিস্ফোরিত হয়।
ইরাক পেট্রোলিয়াম রফতানিকারক সংস্থা ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। দেশটির বাজেটের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে। যার বড় একটি অংশ আসে মাজনুন তেলক্ষেত্র থেকে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকের কয়েকটি তেলক্ষেত্র ও স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
সূত্র: বাসস



