আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা : ইরানের স্পিকার

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছার কথা বলছে। তারা যুদ্ধে অর্জন করতে পারেনি এমন ১৫ দফার একটি তালিকা প্রকাশ করে কূটনীতির মাধ্যমে তা আদায় করতে চাইছে।’

নয়া দিগন্ত অনলাইন
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ |সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।’

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান যুদ্ধ শুরুর ৩০তম দিনে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় গালিবাফ বলেছেন, ‘মার্কিন সৈন্যদের স্থলপথে আসার অপেক্ষায় আছে আমাদের যোদ্ধারা। যেন তাদের ওপর হামলা করা যায় এবং তাদের আঞ্চলিক সহযোগীদের চিরতরে শাস্তি দেয়া যায়।’

ওই বার্তায় ইরানের স্পিকার ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছার কথা বলছে। তারা যুদ্ধে অর্জন করতে পারেনি এমন ১৫ দফার একটি তালিকা প্রকাশ করে কূটনীতির মাধ্যমে তা আদায় করতে চাইছে।’

এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অভিযানে শেষ পর্যন্ত অনুমোদন দেবেন কি-না, তা এখনো স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয় রিপোর্টে।

সূত্র : বিবিসি