গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ৭

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় আবাসিক ভবন ও একটি বেসামরিক গাড়িতে ইসরাইলের হামলায় নারী ও শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

নয়া দিগন্ত অনলাইন
গাজার একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলা
গাজার একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় আবাসিক ভবন ও একটি বেসামরিক গাড়িতে ইসরাইলের হামলায় নারী ও শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

শুক্রবার (১৫ মে) এ ঘটনা ঘটে। এ সময় গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছিল ইসরাইল।

এক যৌথ বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, তারা ৭ অক্টোবরের হামলার ‘অন্যতম স্থপতিকে’ লক্ষ্যবস্তু করেছেন।

তবে তাদের বিবৃতিতে হাদ্দাদ নিহত হয়েছেন কি-না, তা বলা হয়নি।

চিকিৎসা সূত্র জানিয়েছে, একটি বেসামরিক গাড়িতে হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বাকি চারজন পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার একটি ভবনে হামলায় নিহত হন।

নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছে। হামলায় কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় প্রায় ৮৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা