লেবাননে ইসরাইলের লাগামহীন আগ্রাসন নিয়ে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন।
সোমবার এক ফোনালাপে ক্ষোভে ফেটে পড়ে ট্রাম্প তাকে বলেন, তুমি একটা বদ্ধ পাগল এবং চরম অকৃতজ্ঞ।
ট্রাম্পের এমন কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বৈরুতে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে ইসরাইল।
লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণের ইসরাইলি হুমকির কারণে আন্তর্জাতিক মহলে দেশটি আরো একঘরে হয়ে পড়বে বলে ট্রাম্প সতর্ক করেন। নেতানিয়াহুর দুর্নীতি মামলার দিকে ইঙ্গিত করে ট্রাম্প মার্কিন কর্মকর্তাদের সামনেই চিৎকার করে বলেন, আমি না থাকলে তোমাকে এতদিনে জেলে পচতে হতো, আমিই তোমার পিঠ বাঁচিয়েছি। এখন সবাই তোমাকে আর তোমার কারণে ইসরাইলকে ঘৃণা করে। তুমি আসলে করছটা কী?
ট্রাম্প স্পষ্ট করেন, আত্মরক্ষার অধিকার ইসরাইলের থাকলেও হিজবুল্লাহর একজন কমান্ডারকে মারতে পুরো বহুতল ভবন গুঁড়িয়ে দেয়া আর নির্বিচারে সাধারণ মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
আসলে ট্রাম্পের এই ক্ষোভের মূল কারণ হলো, লেবাননে ইসরাইলের মাত্রাতিরিক্ত হামলার কারণে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা বানচাল হওয়ার উপক্রম হয়েছিল। কারণ ইরান স্পষ্ট জানিয়েছিল, ইসরাইল হামলা না থামালে তারা আলোচনা থেকে বেরিয়ে যাবে।
ট্রাম্পের এই নজিরবিহীন চাপের মুখে নেতানিয়াহু পুরোপুরি নতিস্বীকার করতে বাধ্য হন। যদিও বাইরে নেতানিয়াহু নিজের অনমনীয় অবস্থানের কথা প্রচার করছেন, কিন্তু মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ফোনের ওপাশে ট্রাম্পের ধমকে ইসরাইলি প্রধানমন্ত্রী কেবল এটুকুই বলতে পেরেছেন, ঠিক আছে, ঠিক আছে, শুধু একটু খেয়াল রাখবেন যেন সবদিক ঠিকঠাক সামলে নেয়া হয়।
সূত্র : অ্যাক্সিওস



