ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

আইডিএফ ইরানের শাসকগোষ্ঠীর নৌ-শিল্প সংস্থার সদর দফতরে হামলা চালিয়েছে। তারা আরো জানায়, এই হামলাটি গত শুক্রবার থেকে গতকাল শনিবার রাতের মধ্যে চালানো একাধিক হামলার অংশ।

নয়া দিগন্ত অনলাইন
হামলার দৃশ্য
হামলার দৃশ্য |সংগৃহীত

ইসরাইলি সামরিক বাহিনী তেহরানের নৌ-অস্ত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহৃত একটি উৎপাদন কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

শনিবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছে তারা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘আইডিএফ ইরানের শাসকগোষ্ঠীর নৌ-শিল্প সংস্থার সদর দফতরে হামলা চালিয়েছে। তারা আরো জানায়, এই হামলাটি গত শুক্রবার থেকে গতকাল শনিবার রাতের মধ্যে চালানো একাধিক হামলার অংশ।

এই সদর দফতর নৌযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি, গবেষণা এবং উন্নয়নের জন্য কাজ করে থাকে। যেমন- ভূপৃষ্ঠ ও পানির নিচের যন্ত্রসামগ্রী, চালকসহ ও চালকবিহীন সরঞ্জাম, সেইসাথে ইঞ্জিন ও অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন ধরণের নৌ-অস্ত্রের গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনের দায়িত্বে রয়েছে।

গতকাল শনিবার সামরিক বাহিনী জানায় যে, তারা ইরানের সামরিক শিল্পগুলোর ওপর হামলা আরো তীব্র করেছে।

একটি টেলিভিশন ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, ‘আমি এখন বলতে পারি যে, কয়েক দিনের মধ্যেই আমরা এই শিল্পের সমস্ত গুরুত্বপূর্ণ অংশের ওপর হামলা সম্পন্ন করবো।’

তিনি বলেন, ‘আমরা এর বেশিরভাগ সামরিক উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দেব এবং সেগুলো পুনর্গঠন করতে ইরান শাসকগোষ্ঠীর দীর্ঘ সময় লাগবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে, যার মধ্যে একটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং একটি ভারী পানি চুল্লিও রয়েছে।

—সূত্র বাসস