ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যেখানে তিনি আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ |সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসময় চলমান সংঘাত অবসানে মধ্যস্থতা করতে তার সরকারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ইসলামাবাদে মার্কিন-ইরান প্রত্যাশিত আলোচনার আগেই এই ফোনালাপ হয়।

গতকাল রোববার শাহবাজ শরিফ এক্সে দেয়া পোস্টে লিখেছেন, ‘আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমার একটি আন্তরিক ও গঠনমূলক আলোচনা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় আন্তরিক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সাথে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠাচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র এক দিন আগে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে আলোচনায় অংশ নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তেহরান।

সূত্র : বাসস