যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র ‘আন্তরিক’ : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, ‘উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আন্তরিক।’

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান |সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হলেও ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই যুদ্ধবিরতি অর্জনে ‘আন্তরিক’ রয়েছে বলে মনে করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ব্যর্থতার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অনীহাকেই দায়ী করেন।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, ‘উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আন্তরিক।’

এ সময় তিনি আরো জানান, আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে তার যোগাযোগ রয়েছে।

তিনি বলেন, ‘বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পারমাণবিক ইস্যু যদি ‘সব না হয় কিছুই নয়’ অবস্থায় গিয়ে দাঁড়ায়, তাহলে আমরা বড় ধরনের বাধার মুখে পড়তে পারি।’

তিনি আরো বলেন, ‘আশা করছি, কিছু মধ্যস্থতাকারীর সহায়তায় আমরা এই বাধা অতিক্রমের চেষ্টা করব।’

ইসরাইলের কড়া সমালোচক হলেও তুরস্ক এই সংঘাতে যুদ্ধবিরতি আনতে মিসর ও পাকিস্তানের সাথে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হয়েছে।

সূত্র : এএফপি/বাসস