অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরের উপকণ্ঠে শনিবার (১৬ মে) ইসরাইলি বাহিনী গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রামাল্লাহর স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে। নিহত ব্যক্তির নাম নুর আল-দিন কামাল হাসান ফায়াদ (৩৪)।
মন্ত্রণালয় জানায়, জেনিন শিবিরে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ওই ব্যক্তি।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেনিনে তাদের দল এমন এক ব্যক্তিকে উদ্ধার করেছে, যার শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন ছিল না। তার উরুতে গুলির আঘাত ছিল।
ইসরাইল জানুয়ারির মাঝামাঝি সময়ে উত্তর ফিলিস্তিনের একাধিক শরণার্থী শিবিরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করাই এই অভিযানের লক্ষ্য।
‘আয়রন ওয়াল’ নামে পরিচিত এই অভিযান জেনিন ও তুলকারেম শিবিরকে লক্ষ্য করেছে এবং জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র তথ্য অনুযায়ী প্রায় ৪০ হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে।
ইসরাইলি সেনারা জেনিন শিবিরকে ঘিরে রেখেছেন, ফলে বাস্তুচ্যুত বাসিন্দারা কেবল সীমিতভাবে তাদের বাড়িঘর ও সম্পদ দেখতে যেতে পারছেন।
শরণার্থী শিবিরগুলো ১৯৪৮ সালের প্রথম আরব-ইসরাইল যুদ্ধের পর গঠিত হয়, যখন বহু ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বা বিতাড়িত হতে বাধ্য হন।
সূত্র: বাসস



