গাজায় ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার (১৪ মে) ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার (১৪ মে) ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শহরে বেসামরিক নাগরিকদের এক সমাবেশে ড্রোন হামলায় দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সূত্রগুলো আরো জানায়, জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসঙ্ঘের একটি ক্লিনিকের কাছে ইসরাইলি স্নাইপারের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের জানান, নিহতদের লাশ উদ্ধারকারী একদলের ওপর একটি ইসরাইলি ড্রোন বোমা ফেলা হয়। পরে লাশটি পশ্চিম গাজা শহরের আল-শিফা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সূত্রগুলো জানায়, জাবালিয়ায় ড্রোন হামলায় ২৫ বছর বয়সী এক যুবকও নিহত হয়েছেন। এদিকে, উত্তর গাজার বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরাইলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

একটি চিকিৎসা সূত্র জানিয়েছে যে, শহরের বানি সুহেইলা গোলচত্বরের কাছে ইসরাইলি হামলায় আহত তিন শিশুকে খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিন শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলা যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনী ৭২ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু এবং এক লাখ ৭২ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে, যার ফলে কমপক্ষে ৮৫৬ জন নিহত এবং দুই হাজার ৪৬৩ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি