মহররমের শুরুতে হবে খামেনির জানাজা ও দাফন

মহররমের শুরুতে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলি খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি |সংগৃহীত

মহররমের শুরুতে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।

মঙ্গলবার (২ জুন) ইরান জানায়, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির জন্য তিন দিনের রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, যার তারিখ পরে ঘোষণা করা হবে।

আলি খামেনি প্রায় ৩৭ বছর ধরে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি মধ্য তেহরানে হামলায় তার নিজ বাড়িতে নিহত হন।

এর আগে, যুদ্ধের কারণে প্রাথমিকভাবে ৪ মার্চের পরিকল্পিত রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহের বরাতে বলেছে, ‘তিন দিনের একটি সর্বজনীন জানাজা ও দাফন প্রক্রিয়া পরিকল্পনা করা হয়েছে।’

কখন অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। তবে আমিন তাভাকোলিজাদেহ জানান, ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে প্রক্রিয়াটি হতে পারে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়ে।

তিনি বলেন, তেহরানে এবং পবিত্র শহর কোম ও মাশহাদে জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

তাভাকোলিজাদেহ বলেন, ‘তেহরানে এ অনুষ্ঠানটি কমপক্ষে ২৪ ঘণ্টা চলবে এবং এতে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।’

সূত্র: গালফ নিউজ