যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর করার পরিকল্পনা ইরানের

ইরানের কেন্দ্রীয় অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থানকে একটি জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

ইরানের কেন্দ্রীয় অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থানকে একটি জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইসফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রধান জাফরুল্লাহ কালান্তারি গতকাল শনিবার (২ মে) বলেন, ‘বর্তমান ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের এলাকাটিকে একটি যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে, যা দেশের ইতিহাসে বৈজ্ঞানিক নিপীড়নের একটি দলিল হিসেবে সংরক্ষিত হয়ে থাকবে।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ ও আধুনিক সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও স্থাপনায় প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি ১০ লাখ ডলার।

ইসফাহানের এই বিশ্ববিদ্যালয় ইরানের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। গত মার্চ মাসে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়, যা পরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন যে, রাজধানী তেহরানসহ ইরানজুড়ে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

সূত্র: বাসস