ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ব্রিকস সদস্য দেশগুলোকে একজোট হয়ে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এসে তিনি জানান, পশ্চিমাদের তথাকথিত ‘শ্রেষ্ঠত্বের অহংকার’ চুরমার করে দেবে গ্লোবাল সাউথ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে মূল বাধা এখন মার্কিন অবরোধ। তাই এই পথ দিয়ে নিরাপদে যেতে হলে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানি নৌবাহিনীর সাথে সহযোগিতা করেই চলতে হবে।
বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, শান্তি আলোচনা থমকে থাকায় এবং বিশ্বজুড়ে যুদ্ধের অর্থনৈতিক ধকল বাড়তে থাকায় ডোনাল্ড ট্রাম্প এখন চীনের শরণাপন্ন হচ্ছেন।
বেজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে ট্রাম্প সম্ভবত ইরানের সাথে এই ব্যয়বহুল ও জনপ্রিয়তাহীন যুদ্ধ বন্ধে চীনের সহায়তা চাইবেন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে গেলেন।
তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যেমনটা চাইছেন শির কাছ থেকে তেমন সমর্থন পাওয়ার সম্ভাবনা বেশ কম। এক মাস আগে দায়সারা একটা যুদ্ধবিরতি কার্যকর হলেও কূটনীতিতে তেমন কোনো কাজ হয়নি। এই যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে দিয়েছে, যার চড়া মাশুল দিতে হচ্ছে জ্বালানি তেলের বিশ্ববাজারকে।



