যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান চলবে বলে জানিয়েছে ইসরাইল।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং যেসব লেবানিজ বাসিন্দা যুদ্ধের কারণে ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তাদের আপাতত ফিরতে দেয়া হবে না।
এর আগে লেবানন ও ইসরাইল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হওয়া আলোচনায় যুদ্ধবিরতি বাস্তবায়নে তারা একমত হয়েছে। এরপরই এ মন্তব্য করেন তিনি।
তবে ওই চুক্তি শর্তসাপেক্ষ। যেখানে বলা হয়েছে, হিজবুল্লাহর পক্ষ থেকে গোলাবর্ষণ বন্ধ করতে হবে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনারা অবস্থান করবেন।
৯০০ বছরের পুরোনো কেল্লা বোফোর্দ দুর্গও এ এলাকার মধ্যে রয়েছে। গত শনিবার ইসরাইল এই দুর্গ দখল করে বলে জানানো হয়।
তিনি আরো বলেন, ওই এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস’ অভিযান চলবে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরাইলের ‘অ্যাকশন নেয়ার স্বাধীনতা’ থাকবে।
সূত্র: ডন



