লেবাননে ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের সর্বশেষ হামলার ফলে গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৫৯ জন এবং আহত হয়েছেন আট হাজার ১৮৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে লেবাননের ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছেন।

এর আগে, কফার দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দু’জন নিহত হন। লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরো তিনজন নিহত হয়েছেন। এছাড়া শৌকিন গ্রামেও আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে।

ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের আল-কুদস গোলচত্বরের কাছে একটি বিমান হামলা চালিয়েছে এবং যুদ্ধবিমানগুলো টায়ার জেলার সিদ্দিকিন শহরেও হামলা চালায়।

গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও ইসরাইল তা বারবার লঙ্ঘন করছে।

ইসরাইলের দাবি, তাদের হামলাগুলো ইরানপন্থী লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো হয়, কিন্তু নিহতদের অনেকেই ছিলেন বেসামরিক নাগরিক।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা