লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭

লেবাননে নতুন করে ইসরাইলি হামলায় সাতজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ)। শুক্রবার (১৫ মে) এ হামলার ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

লেবাননে নতুন করে ইসরাইলি হামলায় সাতজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ)। শুক্রবার (১৫ মে) এ হামলার ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, দুপুরের আগে নাবাতিয়েহ শহরের হুসেইনিয়া ক্লাবের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন দুই দফায় হামলা চালায়। এতে ওই এলাকার দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।

এই হামলায় নাবাতিয়েহের জরুরি পরিষেবার তিনটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

এদিকে, হারুফ শহরে দু’টি হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বিন্ত জেবেইল জেলার তেবনিন শহরে আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।

এছাড়া টায়ারের কাছে শাবরিহা শহরে একটি স্বাস্থ্যকেন্দ্রে চালানো ইসরাইলি হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। টায়ারের মাচুক এলাকায় আরেকটি হামলায় একটি শিশু, ছয়জন নারী ও একজন কানাডীয় নাগরিকসহ ১৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, টায়ার শহরের পৃথক এক হামলায় একটি শিশুসহ সাতজন আহত হয়েছেন এবং টায়ারের হুশ এলাকার একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় আরো চারজন আহত হয়েছেন।

লেবাননের কর্মকর্তাদের জানিয়েছেন, ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজার ৯৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় নয় হাজার জন আহত হয়েছেন। এছাড়াও ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি