ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস হলো মার্কিন কংগ্রেসে

প্রতিনিধি পরিষদে গৃহীত প্রস্তাবে ট্রাম্পকে নির্দেশ দেয়া হয়েছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন বাহিনী মোতায়েন রাখা যাবে না। ভবিষ্যতে সামরিক অভিযান অব্যাহত রাখতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের পতাকা
যুক্তরাষ্ট্রের পতাকা |সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার পক্ষে বুধবার (৩ জুন) ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ২১৫-২০৮ ভোটে পাস হয় এ প্রস্তাবটি।

ভোটে চারজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সাথে যোগ দিয়েছেন।

প্রতিনিধি পরিষদে গৃহীত প্রস্তাবে ট্রাম্পকে নির্দেশ দেয়া হয়েছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন বাহিনী মোতায়েন রাখা যাবে না। ভবিষ্যতে সামরিক অভিযান অব্যাহত রাখতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

প্রতিনিধি পরিষদে এর আগে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত তিনটি প্রস্তাব অল্প ব্যবধানে ব্যর্থ হওয়ার পর এই ভোট অনুষ্ঠিত হলো। সিনেটেও একই ধরনের সাতটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তবে প্রস্তাবটি কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পেলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা অনিশ্চিত। কারণ ট্রাম্প এতে ভেটো দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার সময় রিপাবলিকান পার্টির বেশিভাগ সদস্য ট্রাম্পকে জোরালো সমর্থন দিয়েছিলেন। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পর এবং এর শেষ কোথায় তা স্পষ্ট না হওয়ায় দলের ভেতরে কিছু সদস্যের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।

এদিকে আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় রিপাবলিকান নেতাদের মধ্যে উদ্বেগও বাড়ছে।

তাদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী এই যুদ্ধ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির রাজনৈতিক অবস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: সিনহুয়া