আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ সরকারি বীমা পলিসি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। বৃহস্পতিবার দেশটির এক বিচারক এ নির্দেশ দিয়েছেন।
ফার্নান্দেজ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
বুয়েনস আইরেস থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিচারক সেবাস্তিয়ান ক্যাসানেলোর সিদ্ধান্ত অনুসারে, ফার্নান্দেজের আচরণ ‘সরকারি পদের সাথে অসঙ্গতিপূর্ণ’ বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
বিষয়টি ফার্নান্দেজের আইনজীবী মারিয়ানা বারবিত্তা নিশ্চিত করেছেন। বারবিত্তা এটিকে ‘একটি স্বেচ্ছাচারী ও ভিত্তিহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করে জানান, এর বিরুদ্ধে আপিল করা হবে।
৬৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার সরকার দালালদের মাধ্যমে সরকারি বীমা পলিসি চুক্তি সম্পাদন করেছে। এসব দালালদের মধ্যে একজন ফার্নান্দেজের ব্যক্তিগত সচিবের স্বামী ছিলেন এবং সাবেক এই প্রেসিডেন্টের কার্যালয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন। তিনি সরাসরি আলোচনার মাধ্যমে বীমা পলিসি চুক্তি করার জন্য প্রশাসনকেও ব্যবহার করেছেন।
বিচারক আরো জানিয়েছেন, ফার্নান্দেজ এই অবৈধ কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন। তবে গত শুক্রবার আদালতে জিজ্ঞাসাবাদে তিনি কোনো ধরনের অন্যায় কাজের অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র : বাসস



