মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে : পেন্টাগন

পেন্টাগনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আধুনিক হাইপারসনিক অস্ত্রের মুখে যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা হারাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক যুদ্ধকৌশলের সাথে পাল্লা দিতে পারছে না বলে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সামরিক সদরদফতর পেন্টাগনের মহাকাশ নীতি বিষয়ক প্রতিরক্ষা উপমন্ত্রী মার্ক বারকোভিৎজ।

তার মতে, বিদ্যমান ব্যবস্থাগুলো আকাশপথে সুরক্ষার ক্ষেত্রে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে রাশিয়ার মতো দেশগুলোর হাতে থাকা হাইপারসনিক অস্ত্র এবং অত্যন্ত উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতি ও কৌশলের মোকাবিলা করার মতো প্রযুক্তিগত সক্ষমতা বর্তমানে মার্কিন সশস্ত্র বাহিনীর হাতে নেই। এই সঙ্কটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষায় ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘গোল্ডেন ডোম’ বা সোনালী গম্বুজ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন এই নীতি নির্ধারক।

সোমবার তাসনিম নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানান।

এখন প্রশ্ন উঠতে পারে, এই ‘গোল্ডেন ডোম’ আসলে কী? তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, এটি মূলত একটি সর্বাধুনিক ও নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা যা পুরো যুক্তরাষ্ট্রকে একটি অদৃশ্য সুরক্ষা ছাতার নিচে নিয়ে আসবে। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ভূমি, সমুদ্র এবং মহাকাশ- সব স্তর থেকে অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে শত্রুপক্ষের যেকোনো আক্রমণ মাঝপথেই ধ্বংস করে দেয়া। তবে এই উচ্চাভিলাষী প্রজেক্ট নিয়ে বিশ্ব রাজনীতিতে ভিন্ন সুরও শোনা যাচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গম্বুজ তৈরির প্রজেক্টটি বৈশ্বিক কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি। রাশিয়ার মতে, একপক্ষীয় এই সুরক্ষা ব্যবস্থা বিশ্বের দীর্ঘকালীন সামরিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। বর্তমানে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন একদিকে যেমন তাদের পুরনো ব্যবস্থার অকার্যকারিতা স্বীকার করছে, তেমনি অন্যদিকে হাইপারসনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে।