যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার ও নন-বাইনারী (লিঙ্গ নির্দিষ্ট নয়) ব্যক্তিদের পাসপোর্টে লিঙ্গ নির্ধারণসংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করেছে মার্কিন জেলা জজ জুলিয়া কোবিক।
শুক্রবার তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) প্রস্তাবিত প্রাথমিক নিষেধাজ্ঞার পক্ষে ওই রায়টি দেন। একইসাথে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নীতির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দেন।
এই আদেশ অনুযায়ী, স্টেট ডিপার্টমেন্টকে মামলার বাদি ছয় ট্রান্সজেন্ডার ও নন-বাইনারী ব্যক্তিকে তাদের লিঙ্গ পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ লিঙ্গ মার্কারসহ পাসপোর্ট প্রদান করতে হবে।
রায়ে কোবিক লিখেছেন, ‘কার্যনির্বাহী আদেশ এবং তাদের পাসপোর্ট নীতি লিঙ্গের ভিত্তিতে পাসপোর্ট আবেদনকারীদের অন্তর্ভুক্ত করে। তাই মধ্যবর্তী বিচারিক তদন্তের অধীনে পর্যালোচনা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এই মানদণ্ডের জন্য সরকারকে প্রমাণ করতে হবে যে তার পদক্ষেপগুলো সরকারি গুরুত্বপূর্ণ স্বার্থের সাথে সম্পর্কিত। কিন্তু সরকার এই মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।’
কোবিক এ-ও মন্তব্য করেন, বাদিপক্ষ দেখাতে সক্ষম হয়েছে যে নতুন পাসপোর্ট নীতি ও নির্বাহী আদেশ ‘মার্কিন ট্রান্সজেন্ডারদের প্রতি অযৌক্তিক পক্ষপাতের উপর ভিত্তি করে তৈরি। তাই এটি সকল মার্কিনির সমান সুরক্ষার জন্য দেয়া সাংবিধানিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে।’
সূত্র : এপি



