পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার প্রচার কর্মসূচিতে রাজ্যে এলেন জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মুর্শিদাবাদে এক জনসভায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ও আরএসএস-এর লোকেরা জাতীয় নির্বাচন কমিশনকে (কাজে লাগিয়ে) লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। যাদের নাম ভুল করে বাদ দেয়া হয়েছে, তাদের সবার নাম আমি পুনরায় ভোটার তালিকায় যুক্ত করব।’
রাহুল গান্ধী আরো অভিযোগ করেন, নরেন্দ্র মোদী ভোট চুরি করছেন, বেকারত্ব ও হিংসা ছড়াচ্ছেন এবং দুই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজের দায়িত্ব পালন করছে না।
তিনি আরো বলেন, মনে হচ্ছে যেন তৃণমূল কংগ্রেস বিজেপির পথ প্রশস্ত করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে, সব ফ্যাক্টরি বন্ধ করিয়ে দিচ্ছে। বেকারত্বে পশ্চিমবঙ্গকে এক নম্বরে নিয়ে গেছে।’
আসন্ন নির্বাচনের আগে রাজ্যে এটিই রাহুল গান্ধীর প্রথম প্রচার সভা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুর্শিদাবাদ ও মালদায় তৃণমূল বিরোধী মুসলিম ভোটের একটি বড় অংশ কংগ্রেসের দিকে ঝুঁকে থাকে।
২০২৬ সালের নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন পাঁচবারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী এবার বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ-এর মধ্যে জোট থাকলেও, ২০২৬-এর এই নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি



