ফের চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, টিকিট কাটা যাবে যখন থেকে

সোমবার (১৩ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফের চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
ফের চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট |প্রতীকী ছবি

প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আবারো চালু হতে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। আগামী ১ জুলাই থেকে সপ্তাহে দুটি করে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। একই সাথে ঢাকা-সিলেট রুটেও চলবে ফ্লাইট।

সোমবার (১৩ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যাত্রীসেবার মান বজায় রাখা এবং অপারেশনাল কার্যক্রমের স্থিতিশীলতার লক্ষ্যে গত ১ মার্চ থেকে এ রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে আসন্ন হজ কার্যক্রম শেষে নতুন করে এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট (প্রতি শনি ও মঙ্গলবার) এই রুটে চলাচল করবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারে যাবে।

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার : ঢাকা থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে সিলেটে পৌঁছাবে এবং দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট থেকে ছেড়ে ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে।

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা : ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছাবে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

বিমান জানিয়েছে, এই রুটে ভ্রমণের জন্য সম্মানিত যাত্রীরা এখন থেকেই টিকিট বুকিং করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com), বিমান কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬), নিকটস্থ বিমান সেলস সেন্টার অথবা আইএটিএ অনুমোদিত ট্রাভেল অ্যাজেন্সিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।