দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
শনিবার (১৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে, গত ১৫ মে বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৬৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।
আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং তিনবার কমেছিল।



