খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যুগের পর যুগ ভারত অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বের জন্য বিশাল সঙ্কট তৈরি করেছে। যা একদিকে মহাবিপজ্জনক।
শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনস্থ সীগাল কনফারেন্স হলে ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। এটি বাংলাদেশের নদীভিত্তিক অর্থনীতি, পরিবেশ এবং কোটি মানুষের জীবিকাকে সরাসরি হুমকির মুখে ঠেলে দিয়েছে। এর মাধ্যমে ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে।
সারাদেশের কাউন্সিলরদের নিয়ে ইসলামী যুব মজলিসের বার্ষিক এ কাউন্সিল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আব্দুল জলিল, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি মো: মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, মো: জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অফিস ও অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ সালমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সাকি, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ শাহিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইমরান আসাদ, প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, আবু বকর সিদ্দিক আহাদ, মো: এহসানুল হাদী।



