বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে : মির্জা ফখরুল

অনলাইন প্রতিবেদক
সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে- জামায়াত আমির ডা: শফিকুর রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশী ও বিদেশী সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন যে এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি, নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।

মির্জা ফখরুল বলেন, আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে।

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওই দিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টা ৩০ মিনিটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

দলীয় সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি প্রমুখ।