গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জয়ে জাতীয়তাবাদী সমমনা জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছে জোটটি।
এ সময় তারা আশা করেন যে, জোটসঙ্গীদেরকে নিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শনিবার (২ মে) রাজধানীতে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এসব কথা বলা হয়।
জানা যায়, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইরান ও ইসরাইল যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে ব্যাপক জ্বালানি তেলের সংকট দেখা দেয়ায় মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়েও আলোচনা হয়।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা সভাপতির বক্তব্যে বলেন, ‘দেশে বহুল কাঙ্ক্ষিত নির্বাচিত সরকার মাত্র দুই মাস পার করেছে। নতুন সরকার ক্ষমতা আসার সাথে সাথে যুদ্ধের কারণে কিছুটা চাপে রয়েছে। যেহেতু জাতীয়তাবাদী সমমনা জোট দীর্ঘ বছর ধরে বিএনপির সাথে আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে এক সাথে কাজ করেছে, সেহেতু জোটসঙ্গীদেরকে নিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছি।’
জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই জয়ে বিএনপির শরিক জাতীয়তাবাদী সমমনা জোট ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এই জোটকে উপযুক্ত মূল্যায়ন করার জোর দাবি জানাচ্ছি।’
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, ‘নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সমন্বয়কারী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা: সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগ চেয়ারম্যান ব্যরিস্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএল’র সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও মহাসচিব জাকির হোসেন রিয়াজ, আবু সৈয়দ, রেজওয়ান মর্তুজা, জামিল আহম্মেদ, আব্দুল বারিক, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম, জহির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



