বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ছোট ভাই আবদুল আলিম (৫৬) রোববার (১৭ মে) দুপুরে পুকুরে গোসলের সময় পানিতে ডুবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং ইতোপূর্বে দুইবার স্ট্রোক করেছিলেন।
তার মা, সহধর্মিণী, তিন ছেলে, এক মেয়ে, এক ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রয়েছেন।
মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল ৮টায় কুমিল্লার চৌদ্দগ্রামে তার বাড়ি সংলগ্ন ভাংগাপুস্করনী আদর্শ মহিলা আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
জামায়াত আমিরের শোকবাণী
আবদুল আলিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।
এক শোকবাণীতে তিনি বলেন, ‘মরহুম আবদুল আলিম একজন গুণী ও পরহেজগার মানুষ ছিলেন। তিনি অতি সাধারণ জীবন-যাপন করতেন। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।’



