পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক দেখছি না। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে- সেটা নিয়ে বিতর্ক চলমান। এ বিষয়ে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট আছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে।
শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
জোনায়েদ সাকি বলেন, আমি দল থেকে একেবারে বিচ্ছিন্ন হচ্ছি না। দলীয় সদস্য পদ থাকবে। রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।



