ডা. জাহিদ

এই আন্দোলন সবার, এই বিজয় সবার বলে স্বীকৃত

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রদের ছিল, সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। আমরা সবাইকে শ্রদ্ধা ও সালাম জানাই। যার যতটুকু পাওনা আছে, অংশগ্রহণ আছে, তাদের আমরা সম্মান করি। কাজেই এই আন্দোলন সবার আন্দোলন এবং এই বিজয় সবার বিজয় বলে স্বীকৃত।

নয়া দিগন্ত অনলাইন
ডা. এ জেড এম জাহিদ হোসেন
ডা. এ জেড এম জাহিদ হোসেন |ইন্টারনেট

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘স্বৈরাচার ৩৬ জুলাই তথা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। কাজেই এটি সবার আন্দোলন। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রদের ছিল, সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। আমরা সবাইকে শ্রদ্ধা ও সালাম জানাই। যার যতটুকু পাওনা আছে, অংশগ্রহণ আছে, তাদের আমরা সম্মান করি। কাজেই এই আন্দোলন সবার আন্দোলন এবং এই বিজয় সবার বিজয় বলে স্বীকৃত।’

আজ শনিবার দুপুরে জেলার হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী তথা সরকার পতনের আন্দোলন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর সক্রিয় ভূমিকায় সফল হয়েছে, যা দেশবাসী অবগত আছে।

তিনি বলেন, ‘পলাতক স্বৈরাচার আমাদের সাথে যে আচরণ করেছে- সে সকল গুম, খুন ও হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। যারা বিদেশে অর্থ পাচার করেছে, তাদের অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। পাশাপাশি, তাদের অপরাধের বিচার করতে হবে।’

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: মোফাজ্জল হোসেন দুলাল, উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মো: ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।