বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ভোটারদের বিভ্রান্ত করার জন্য একটি গোষ্ঠী অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেইজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুকে ডা: শফিকুর রহমান লেখেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।
তিনি আরো লেখেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
এদিকে ঠাকুরগাঁওয়ের ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ আটকের বিষয়টি অপপ্রচার। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে এ টাকা বহন করছিলেন। তাকে এ টাকা বহনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছিল। কিন্তু সেখান পুলিশ একটি নাটক সাজিয়েছে। প্রশাসন পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে।’
কারা এই পরিস্থিতি তৈরি করেছেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় করছে, তারাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে।’



