মির্জা ফখরুল

শিগগিরই কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

‘দলকে সুসংগঠিত করতে কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই কাউন্সিল হবে।’

অনলাইন প্রতিবেদক
বৈঠক শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল
বৈঠক শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল |নয়া দিগন্ত

শিগগিরই দলীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি দল বিএনপি। আজ শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উচ্চতর কমিটির বৈঠকে শিগগিরই কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘দলকে সুসংগঠিত করতে কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই কাউন্সিল হবে।’

তিনি আরো জানান, বৈঠকে জ্বালানি পরিস্থিতি, হামের প্রাদুর্ভাবসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ড বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকৈ অবহিত করা হয়েছে।

স্থায়ী কমিটির শনিবারের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি যুক্ত), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি যুক্ত), অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন অংশ নেন।

এর আগে, সর্বশেষ ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক করছিল বিএনপি। সেই বৈঠকে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।