সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার মিলন আজ সকালে ইন্তেকাল করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
গোলাম সারোয়ার মিলন
গোলাম সারোয়ার মিলন |সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার মিলন (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে ইন্তেকাল করেন তিনি।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন গোলাম সারওয়ার মিলন। ১৯৮১-৮২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে তিনি সুপরিচিত।

গোলাম সারওয়ার মিলন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬-৮৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। সর্বশেষ তিনি জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

তার মৃত্যুতে মানিকগঞ্জ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফেরাত কামনা করেছেন।

তার ছেলে সাবায়ের সারওয়ার জানিয়েছেন, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার বাবার প্রথম জানাজা এবং ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস