সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নয়া দিগন্ত অনলাইন
দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস
দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস |নয়া দিগন্ত

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজেরও সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে কল দেবেন, কথা দিচ্ছি- সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। মনে রাখতে হবে- সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে কোনো আপোষ নেই।

রোববার বিকেলে রাজধানীর মালিবাগ আবু জর গিফারী কলেজে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এমন প্রতিশ্রুতি দেন। এ সময় ১২ নম্বর ওয়ার্ডের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সাথে মতবিনিময় করে তিনি।

মির্জা আব্বাস বলেন, মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরব্বিদের সময় কাটানোর কোনো ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গায়সহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করব। আমি এসব ক্ষোভ থেকেও বলছি। কারণ, আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম, সেগুলোও সব দখলে নিয়েছে আওয়ামী লীগ। আসল কারণটা হচ্ছে- যারা এ এলাকার নন, তাদের তো এই এলাকার প্রতি মায়া থাকবে না।

তিনি আরো বলেন, ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার এই সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।

মির্জা আব্বাস বলেন, আজকে ১৭ বছর পর এই কলেজে এলাম। আসার সময় দেখলাম, অনেক কিছুই লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে। দখল করা হয়েছে বিভিন্ন স্থাপনা। এ এলাকায় আগে মাদক ছিল না; মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজেরও সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে কল দেবেন, কথা দিচ্ছি- সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। মনে রাখতে হবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপোষ নেই।

তিনি বলেন, ঢাকা মহানগরকে জলবদ্ধতা মুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় আজ দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।

সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।