নয়াপল্টনে বিএনপির মে দিবসের শ্রমিক সমাবেশ শুরু

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

অনলাইন প্রতিবেদক
সমাবেশ উপলক্ষে সমবেত হয়েছে জাতীয়তাবাদী শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা
সমাবেশ উপলক্ষে সমবেত হয়েছে জাতীয়তাবাদী শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা |নয়া দিগন্ত

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসাইন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট।

উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।

আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।

দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।

শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।