ভারতের দিল্লিতে একটি আবাসিক হোটেলে আগুনে বাংলাদেশী ও বিদেশী নাগরিকসহ ২১ জন নিহত ও ৪৭ জন আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখপ্রকাশ ও সমবেদনা জানিয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ৩ জুন বুধবার সকাল আনুমানিক ৮টা ৪৮ মিনিটে ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের ‘ফ্লুরিশ স্টে বিঅ্যান্ডবি’ নামের একটি আবাসিক হোটেলে আগুনে বাংলাদেশী ও বিদেশী নাগরিকসহ ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আমি এ আগুনে অনেক মানুষের হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি, নিহতদের রূহের শান্তি কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশী নাগরিক, যার মধ্যে বাংলাদেশীও রয়েছেন। আর আহতদের মধ্যে আছেন পাঁচ বাংলাদেশী। আমি নিহত বাংলাদেশীদের লাশগুলো দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানো এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। একইসাথে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, ভারতে হতাহত বাংলাদেশী নাগরিকদের পরিবারের পাশে সার্বিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে লাশগুলো দেশে আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার দাবি জানাচ্ছি।



