জনগণের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে : হাজী এনায়েত উল্লাহ

ঢাকা-৭ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী গণমিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
নির্বাচনী গণমিছিল
নির্বাচনী গণমিছিল |নয়া দিগন্ত

ঢাকা-৭ আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ বলেছেন, ‘জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল হতে দেয়া যাবে না। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেয়া যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৭ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী গণমিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি উপস্থিত নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেই হাত মা-বোনদের হিজাব ধরে টান দেয়, যারা মা-বোনদের পেটে লাথি মারে তাদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে।’

সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে নারী সমাজকে জেগে উঠতে আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীর প্রতি অসম্মান, অশ্লীল আচরণকারীদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। ওদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে ওরা নারীর অধিকার, নারীর স্বাধীনতা ও নারীর মর্যাদা লুন্ঠন করবে। যারা নারীদের মা-বোনের দৃষ্টিতে দেখে, যারা নারীর অধিকার, নারীর স্বাধীনতা ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আপোসহীন তাদেরকে নেতৃত্বে আনতে হবে। জামায়াতে ইসলামী নেতৃত্বে আসলেই নারী সমাজ সম্মানিত ও মর্যাদাবান হবেন।’

সমাবেশ শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।