গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, এ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় বা অনিয়ম হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের অনুমোদন দেয়া হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনে আগের নির্ধারিত ভাড়াই বহাল থাকবে এবং এ সিদ্ধান্ত থেকে বিচ্যুতির কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়া-কমার সাথে সমন্বয় করে দেশে ভাড়াও
আনুপাতিক হারে সমন্বয় করা হবে। এজন্য বারবার বৈঠকের প্রয়োজন হবে না, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই ভাড়া সমন্বয় কার্যকর হবে।
ভাড়া নির্ধারণে একটি স্বচ্ছ প্রক্রিয়া চালু করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে এবং কমলে একই অনুপাতে কমবে।
অটোরিকশা প্রসঙ্গে তিনি জানান, রাজধানীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা নেয়া হয়েছে। শুরুতে প্রধান সড়কগুলোতে এ নিয়ন্ত্রণ কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, ‘ঢাকা বাঁচলে দেশ বাঁচবে।’ রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা কমাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরো জানান, তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই, বরং ভর্তুকির চাপ বৃদ্ধি ও জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় সরকার সীমিত আকারে দাম সমন্বয় করেছে। রাষ্ট্রের কার্যক্রম সচল রাখা এবং জনস্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



