প্রবাসী কল্যাণ মন্ত্রী

কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে

‘বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখে চলেছেন। সংসদের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী |সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে।

তিনি আজ শহরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদের মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী জাতীয় কবির সিলেট সফরের শতবর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশের নজরুল প্রেমী সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখে চলেছেন। সংসদের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মন্ত্রী বলেন, সাহিত্য সংসদের বর্তমান বাণিজ্যিক ভবনকে বহুতল ভবনে রূপান্তরিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্যসচিব রায়হান হোসেন খান। বাসস