দীর্ঘ সাড়ে ১৫ বছরের (২০০৯-২০২৪) আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমতের মানুষের পাশাপাশি চরম নির্যাতনের শিকার হয়েছেন বিপুল সংখ্যক আলেম-ওলামা। কারাগার, রিমান্ড ও নানা হয়রানির শিকার হওয়া এসব আলেমের বাস্তব চিত্র তুলে ধরতে প্রকাশিত হয়েছে সাংবাদিক রকীবুল হকের লেখা নতুন গ্রন্থ ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’।
বইটি মূলত একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত আলেমদের নির্যাতনের প্রতিবেদনগুলোর সংকলন। বইয়ের ২২৪ পৃষ্ঠায় স্থান পেয়েছে আলোচিত ৪৩ জন নির্যাতিত আলেমের জীবন্ত চিত্র।
লেখকের মতে, দীর্ঘদিন ভয়ভীতি ও মিডিয়ার একপাক্ষিক প্রচারণার কারণে এসব তথ্য প্রকাশ পায়নি। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর নির্যাতনের ঘটনা উন্মোচিত হতে থাকে। রিমান্ডে নির্মম নির্যাতনের পাশাপাশি বছরের পর বছর কারাগারে আবদ্ধ রাখা হয় বহু আলেমকে। নানা হুমকির কারণে সেই নির্যাতনের কথা প্রকাশ করতে পারেননি তারা। ফ্যাসিবাদের অনুগত মিডিয়াগুলোতেও তুলে ধরা হয়নি এসব নির্যাতনের চিত্র। উল্টো আলেমদের উগ্রবাদে জড়ানোর মতো নানা কল্প-কাহিনি প্রকাশ করা হয় বিভিন্ন মিডিয়ায়।
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে নির্যাতিত জনসাধারণের পাশাপাশি আলেমদের মাঝে স্বস্তি ফিরে আসে। এমনই সময় ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নতুন করে প্রকাশিত হয় মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ। আর পুনরায় প্রকাশনার শুরু থেকেই আওয়ামী শাসনে নির্যাতিত আলেমদের কথা ধারাবাহিকভাবে তুলে ধরে পত্রিকাটি। সিনিয়র রিপোর্টার রকীবুল হকের লেখা সেই প্রকাশিত রিপোর্টগুলোর সংকলনই হলো- ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’ বইটি। দেশের হাজারো নির্যাতিত আলেমদের মধ্য থেকে আলোচিত ৪৩ জনের কথা উঠে এসেছে এ গ্রন্থে।
লেখক পরিচিতি : রকীবুল হকের জন্ম ঝিনাইদহের কোলা গ্রামে। শৈশব থেকেই বই ও লেখালেখির প্রতি আগ্রহী, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সাংবাদিকতা শুরু করেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করার পর বর্তমানে আমার দেশ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা বিষয়ে তিনি দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণও নিয়েছেন। বইটি পাওয়া যাবে অনলাইন বুক শপ রকমারিসহ দেশের বিভিন্ন বুকস্টল ও রবিউল আওয়ালের বই মেলায়।
বইয়ের তথ্য :
লেখক : রকীবুল হক
নাম : আওয়ামী শাসনে আলেম নিপীড়ন
প্রকাশনী : তাজদিদ পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ৩৪৭ টাকা
পৃষ্ঠা : ২২৪
ধরন : পেপারব্যাক



