৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যা তার জন্য ভালো, এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবেন।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

শিশু-কিশোরদের মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’তে খেলাধুলার বিষয়টিও যুক্ত হচ্ছে। নতুন আঙ্গিকে এই প্রতিযোগিতাটি আগামী ৩০ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, আজকে প্রধানমন্ত্রীর সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছে। ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমিও সভায় ছিলাম। খুব শিগগিরই এটা আপনারা অফিশিয়ালি (আনুষ্ঠানিকভাবে) জানবেন। সারাদেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য বই পড়ার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এটা আমি আগাম জানিয়ে দিলাম।

তিনি বলেন, বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার খেলাধুলার ক্ষেত্রেও এটার আওতা বাড়ানো হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আরো কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্যালেন্ট হান্টিং (মেধা অন্বেষণ) হবে। সেটা নিয়ে আজকে সকালেই প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠকে আমরা ছিলাম।

উপদেষ্টা আরো বলেন, আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যা তার জন্য ভালো, এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবেন। ইউএনবি