পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ডা: শংকরকে দেখতে গিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ডা: শংকর প্রসাদ দুর্ঘটনায় পতিত হয়েছেন। তিনি দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তার চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তার ব্যয়ভার সরকার নির্বাহ করবে। এমনকি বিদেশ নেয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
এ সময় স্বাস্থ্য অধিদফেতরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা: শংকর প্রসাদ অধিকারী গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। আহত অবস্থায় তাকে পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তার মস্তিষ্কে অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা শঙ্কামুক্ত নয়। বাসস



