পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেয়ার প্রয়োজন নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নেবেন না, সেক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।
মন্ত্রী জানান, আমরা পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছি। আমরা যতক্ষণ পারব, চেষ্টা করে যাব।
তিনি বলেন, গত বছর থেকে কিন্তু এই বছর আমরা ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করছি।
মন্ত্রী বলেন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। সে সময় আমাদের যে ডিপোগুলো আছে ডিপুগুলো বন্ধ ছিল। সে জন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয়নি। এজন্য হয়তো বা পেট্রোল পাম্পগুলোতে তেলের সল্পতা থাকতে পারে।
তিনি বলেন, তবে আজ সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে। পেট্রোল পাম্প তেল পাবে। তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে লাইন দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।
তিনি বলেন, আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করে অযথা অস্থিরতা তৈরি করবেন না। প্রয়োজনের বেশি তেল নিলে, স্টক করলে- ভিড় বাড়বে, লাইন বাড়বে।
মন্ত্রী বলেন, তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নেবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আশা করি, এ সমস্যার সমাধান করতে পারব। তেল নিয়ে কোনো সঙ্কট হবে না।
সূত্র : বাসস



