জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ী বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন। আগামী এক বছর তিনি জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন সভাপতি খলিলুর রহমানের নাম ঘোষণা করেন
জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন সভাপতি খলিলুর রহমানের নাম ঘোষণা করেন |সংগৃহীত

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর তিনি জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

স্থানীয় মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরে সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট।

জাতিসঙ্ঘে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

ভোটের ফলাফল ঘোষণার সময় জাতিসঙ্ঘ সদরদফতরে সাধারণ পরিষদকক্ষে উপস্থিত ছিলেন খলিলুর রহমান।

এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

উল্লেখ্য, আগামী ৮ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।