কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের নতুন প্রশাসক হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো: আব্দুর রব খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
শনিবার বার্তাসংস্থা বাসস সম্প্রতি সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক চিঠির বরাতে এ তথ্য জানায়।
চিঠিতে বলা হয়েছে, কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রশাসক হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো: আব্দুর রব খানের নিয়োগের মেয়াদ গত ১৭ এপ্রিল শেষ হয়। এ কারণে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (পরিচিতি নং ৪৮৮২) মো: আজিজুল ইসলামকে সংস্থার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।
প্রশাসকের কর্মপরিধিও চিঠিতে নির্ধারণ করে দেয়া হয়েছে। সেগুলো হলো- অবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত প্রশাসকের কাছ থেকে/সরাসরি দায়িত্বভার গ্রহণ করতে হবে।
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এবং বিধি ১৯৬২ এবং সংস্থার অনুমোদিত গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব পালন করতে হবে।
অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে আগামী ৯০ দিনের মধ্যে সংস্থার গঠনতন্ত্র মোতাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচনি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
এছাড়াও প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সংস্থার আয়-ব্যয়ের বিবরণসহ মাসিক অগ্রগতির প্রতিবেদন আবশ্যিকভাবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সমাজসেবা অধিদফতরে পাঠাতে হবে।



