সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার (১৪ মে) অবসরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার। এদিন রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
সরকার এখনো নতুন কমিশনার নিয়োগ না দেয়ায় আপাতত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন নজরুল ইসলাম। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে তিনি এখনো যোগ দেননি।
গত ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো: সরওয়ারকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়।
পুলিশ সদর দফতরের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৎকালীন কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।
অবসরে যাওয়া মো: সরওয়ার ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকাকালীন ঢাকার ট্রাফিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনার বেশির ভাগ তার অবদান হিসেবে বিবেচিত হয়।



