বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সঙ্কট মোকাবেলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা অনেক সময় মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।’
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশগত সঙ্কট অন্যান্য স্বল্পমেয়াদি উন্নয়ন সমস্যার মতো নয়; এর প্রভাব দীর্ঘমেয়াদি এবং সুদূরপ্রসারী। এ ক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ণ এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
বৈশ্বিক জ্বালানি সঙ্কট এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সাথে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন। ইউএনবি



