বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে ঢাকার বাইরে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উচ্চ আদালতে বিটিআরসির নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করার জের ধরে কর্তৃপক্ষ ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার বিটিআরসির মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শাখার অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বদলি কর্মকর্তারা হলেন উপ-পরিচালক সনজিব কুমার সিংহ ও এস. এম. আফজাল রেজা।
সনজিব কুমার সিংহকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট থেকে রংপুর মনিটরিং স্টেশনে বদলি করা হয়েছে এবং এস. এম. আফজাল রেজাকে স্পেকট্রাম বিভাগ থেকে সিলেট মনিটরিং স্টেশনে সংযুক্ত করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তারা অনতিবিলম্বে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ২ এপ্রিল (বৃহস্পতিবার) অপরাহ্নে তারা বর্তমান বিভাগ বা দফতর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ বলে গণ্য হবেন।
সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আমলে বিটিআরসির কিছু বিতর্কিত নিয়োগ এবং প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে এই কর্মকর্তারা সম্প্রতি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন। বিটিআরসির অভ্যন্তরীণ একটি পক্ষ এবং খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এই আইনি পদক্ষেপ নেয়ার কারণেই তড়িঘড়ি করে তাদের ঢাকার বাইরে বদলি করে ‘শাস্তি’ দেয়া হলো।
বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, যেকোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে বা সংক্ষুব্ধ হলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট করার অধিকার রয়েছে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়া একটি বৈধ আইনি প্রক্রিয়া। শুধুমাত্র মামলা করার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেয়াকে ‘আদালত অবমাননা’ হিসেবে গণ্য করা হতে পারে।



