ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

নিউজিল্যান্ড ক্রিকেট টিমের নিরাপত্তা নিশ্চিত করা হবে

‘নিউজিল্যান্ড ক্রিকেট টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যু, অনুশীলন স্থল, আবাসনস্থল, যাতায়াত রুটসহ সব জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা
নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা |সংগৃহীত

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার।

তিনি বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যু, অনুশীলন স্থল, আবাসনস্থল, যাতায়াত রুটসহ সব জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরো বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম।

সবার সার্বিক সহযোগিতায় এই আন্তর্জাতিক টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমন্বয় সভায় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতর, উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস